বিইউপি ছাত্রী ধর্ষণ মামলা: সবশেষ আসামি বিপ্লব রোজারিও গ্রেফতার
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫
বিইউপি ছাত্রী ধর্ষণ মামলা: সবশেষ আসামি বিপ্লব রোজারিও গ্রেফতার
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সবশেষ পলাতক আসামি বিপ্লব রোজারিওকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ নিয়ে আলোচিত মামলার তিনজন এজাহারভুক্ত আসামিই এখন আইনের আওতায়।
র্যাব-৪ এর একটি বিশেষ দল সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
গ্রেফতার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। মামলায় তার বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর মামলার অপর আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন (১৯ অক্টোবর) প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকেও ধরা হয় জেলা গোয়েন্দা পুলিশের হাতে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার পথে ভুক্তভোগী তরুণীকে কৌশলে নিজ বাসায় নিয়ে যায় প্রধান আসামি সোহেল রোজারিও। সেখানে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয়।
পরে ১৬ অক্টোবর তরুণী নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
সবশেষ বিপ্লব রোজারিওর গ্রেফতারের মাধ্যমে এ মামলার তিন আসামিই এখন পুলিশের হাতে ধরা পড়েছে, যা তদন্তের অগ্রগতিতে নতুন গতি আনবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন