নোয়াখালীর বেগমগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক ডেসটিনি পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ফারুক ইসলাম ও তার ভাগনী আঞ্জুমান হাসান সাইফা (১২) গুরুতর আহত হয়েছেন।বর্তমানে তারা ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি মোটরসাইকেলে যাত্রাকালে বেগমগঞ্জ উপজেলা সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন ফারুক ইসলাম ও তার ভাগনী সাইফা। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। বিশেষ করে সাইফার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ভেঙে যায়। এছাড়া তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটে।সাইফা নোয়াখালীর মাইজদী পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা।দুর্ঘটনার পর আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শ্যামলী ট্রমা সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাইফার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে। এ অবস্থায় ফারুক ইসলাম ও তার ভাগনী সাইফার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।এদিকে ফারুক ইসলামের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।