ইউল্যাব শিক্ষার্থী তানহার মৃত্যু
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
ইউল্যাব শিক্ষার্থী তানহার মৃত্যু
প্ররোচনার অভিযোগে প্রেমিকের শাস্তি দাবি পরিবারের
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বুশরার মৃত্যু নিয়ে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে তার পরিবার। তারা দাবি করছেন—তানহার আত্মহত্যার পেছনে তার ঘনিষ্ঠ পরিচিত সায়মন নামের এক তরুণের প্ররোচনা ছিল। পরিবার ও স্বজনরা দ্রুত সায়মনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
তানহার বাবা আবুল বাশার জানান, মৃত্যুর আগে মেয়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। ফোনে তানহা বলেন,
“বাবা, আমার মন ভাল নেই। তুমি ঢাকায় আসো, আমাকে নিয়ে যাও।”
বাবা বলেন, “উচ্চ শিক্ষার স্বপ্নে মেয়েকে ঢাকায় পাঠিয়েছিলাম। কিন্তু এখন আমাকে তার লাশ নিয়ে ফিরতে হচ্ছে।” তার অভিযোগ, সায়মন নামে ওই ছেলেই মেয়ের জীবন শেষ হওয়ার কারণ।
সম্পর্কের সূত্রপাত কুমিল্লায়
তানহার কয়েকজন সহপাঠী জানান, তানহা ও সায়মনের পরিচয় কলেজজীবনেই। দুজনের বাড়ি কুমিল্লায় হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সায়মন যখন ইউল্যাবে ভর্তি হন, তানহাকেও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করেন বলে সহপাঠীদের দাবি।
ঘটনাস্থল ও তদন্তের অগ্রগতি
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, ৩ নভেম্বর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় একটি ফ্ল্যাট থেকে তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, তানহার কাছে পাওয়া মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে, যা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। শুরুতে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হলেও পরিস্থিতি বিবেচনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হিসেবে তদন্ত চলছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন