মেট্রোরেলের ছাদে ঝুঁকির নাচন—১৩ বছরের ইয়াসিনকে নামাতে থামল পুরো লাইন
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫
মেট্রোরেলের ছাদে ঝুঁকির নাচন—১৩ বছরের ইয়াসিনকে নামাতে থামল পুরো লাইন
---ঢাকার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝের ফাঁক দিয়ে ছাদে উঠে পড়া কিশোরটির পরিচয় মিলেছে—তার নাম ইয়াসিন। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে উঠে সে। ট্রেন সচিবালয় স্টেশনে পৌঁছালে দেখা যায়, দুই বগির মাঝের হুক ধরে ঝুলছে ইয়াসিন, এরপরই মুহূর্তের মধ্যে উঠে যায় ট্রেনের ছাদে।
তার সঙ্গে থাকা আরেক কিশোর রেললাইনের ওপর দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং ছাদে ওঠা ইয়াসিনকে নিরাপদে নামিয়ে আনেন। এ ঘটনায় রোববার রাতেই মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ডিএমটিসিএল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক ক্ষুদেবার্তায় জানায়—দুই কিশোর ছাদে উঠে পড়ায় ট্রেন বন্ধ রাখতে হয়েছে এবং যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়।
নিরাপত্তা ভেদ করে ছাদে ওঠা দুই কিশোরের মধ্যে একজনকে আটক করা গেলেও অন্যজন পালিয়ে যায়। তার পরিচয় ও অবস্থান শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের সূত্র জানায়, ইয়াসিনের বয়স আনুমানিক ১৩–১৪ বছর এবং ধারণা করা হচ্ছে, সে কোনো শিশুসদনে থাকত। প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলেও মনে হয়েছে।
একজন কর্মকর্তা জানান, মেট্রোরেলের লাইনে ‘ক্যাটিনারি সিস্টেম’-এর তার থাকে, যা ট্রেনের ছাদের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ পরিবাহিত করে। কিশোরটি যেভাবে ছাদে উঠেছে, তাতে যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা ছিল। মেট্রোরেল চালুর পর এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা আর ঘটেনি বলেও তিনি জানান।
অভিযোগ উঠেছে, নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়েই এমন জীবনঘাতী আচরণ সম্ভব হয়েছে, যা পুনরায় না ঘটাতে অতিরিক্ত নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন