ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে তালা ঝুলিয়ে ‘লকডাউন
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে তালা ঝুলিয়ে ‘লকডাউন’ ঘোষণা, উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে
রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে নাশকতামূলক কর্মকাণ্ডে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন নিজের ফেসবুক পেজে এসব ভবনের তালাবদ্ধ ছবিসহ লেখেন,
> “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”
এছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ একই ছবি শেয়ার করে লেখেন,
> “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। এ দেশের স্বাধীনতার সূতিকাগারকে মুক্ত করতে হবে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
> “তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিকিউরিটি অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল টিম তদন্ত শুরু করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন