মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অবশ্যই রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে—এটাই ইতিহাসের প্রমাণ।
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, “দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অবশ্যই রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে—এটাই ইতিহাসের প্রমাণ। গত এক বছরে এই সরকারের আমলে এমন একটি ক্ষেত্রও নেই, যেখানে বাংলাদেশ উন্নতির দিক দেখিয়েছে।”
একটি টকশোতে অংশ নিয়ে তিনি আরও বলেন, “অনেক দিন ধরেই রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের কাছ থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। এর শুরু হয়েছিল ২০০৬-০৭ সালের ১/১১-র ঘটনাকে কেন্দ্র করে। তখন থেকেই দেশের মূল দুই রাজনৈতিক দলকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। অথচ এই দলগুলোর হাত দিয়েই দীর্ঘকাল দেশ পরিচালিত হয়েছে—তারা সরকারও গঠন করেছে, বিরোধী দলেও থেকেছে।”
তার অভিযোগ, “৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপির বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর দুষ্কর্মের অভিযোগ আনা হয়েছে। এসবের প্রেক্ষিতে দলের পক্ষ থেকে কিছু বহিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু বিএনপির হাতে তো কোনো রাষ্ট্রক্ষমতা নেই। দেশে যখন সরকার আছে, তাদের ভূমিকা কোথায়? এখনো পর্যন্ত কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।”
রুমিন ফারহানা বলেন, “যেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা নিয়ে মাঠে আছে, সেখানে একের পর এক সহিংস ঘটনা ঘটছে, আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে—এগুলো নিছক স্বাভাবিক ঘটনা নয়। ধীরে ধীরে যাদের হাতে প্রকৃত রাজনীতি ছিল, তাদের হাত থেকে সেটি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ, কারণ এই ‘ডিপলিটিসাইজেশন’-এর ধারা ১/১১ থেকেই শুরু হয়েছিল, আর এখনো সেটি অব্যাহত রয়েছে।”
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, “ইউনূস সাহেব মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন—আপনারা চাইলে আমাকে নিয়ে সমালোচনা করুন। কিন্তু বাস্তবতা হলো, যারা সেই সুযোগ নিয়ে সমালোচনা করেছিলেন, তাদের বেশিরভাগই আজ কারাগারে।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন