নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে নয়াদিল্লি প্রস্তুত
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে নয়াদিল্লি প্রস্তুত। তিনি বলেন, ভারত আশা করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রায় এক ঘণ্টার বৈঠকে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ ধাপগুলো শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, গোটা বিশ্বেই গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচনের বিষয়ে ইতিমধ্যে ঘোষণাপত্র ও বিভিন্ন বক্তব্য আমরা লক্ষ্য করেছি। মনে হচ্ছে, ফেব্রুয়ারির দিকে নির্বাচন আয়োজনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি যোগ করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলেছে, যা ভারতের কাছে ইতিবাচক ও উৎসাহজনক বার্তা দিয়েছে।
বিক্রম মিশ্রি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করব। সেটিই আমাদের নীতি।”
মতবিনিময়ের সময় তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত ইস্যু, পানি বণ্টন এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। পররাষ্ট্র সচিব বলেন, “যেকোনো সম্পর্কেই কিছু চ্যালেঞ্জ থাকে, কিন্তু তা সমাধানযোগ্য।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন