বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
টেলিমেডিসিনে আইনি অধিকার প্রতিষ্ঠায় ডক্টরগিরির সেমিনার ও ১০ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ড প্ল্যাটফর্ম ডক্টরগিরি লিমিটেড ‘টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস: রোগী ও চিকিৎসকের আইনি অধিকার ও সুরক্ষা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাবে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, নীতিনির্ধারক, সাংবাদিক ও হেলথ টেকনোলজি বিশেষজ্ঞরা অংশ নেন।
ডক্টরগিরির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মহিউদ্দিন কাউসার বলেন, “ডক্টরগিরি শুধু একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম নয়; এটি বাংলাদেশের ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ার একটি আন্দোলন। আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে সবার জন্য ন্যায়সঙ্গত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী ও সহ-প্রতিষ্ঠাতা রাজু মহাজন বলেন, আমরা চাই, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবার আওতায় আনা হোক। চিকিৎসা যেন ধনীদের একচেটিয়া অধিকার না থাকে।
অনুষ্ঠানে ডক্টরগিরি বাংলাদেশের ১০টি সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যসেবা পার্টনারশিপ সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো:
বেবি ওয়ার্ল্ড, নোরাহ গ্লোবাল মিডিয়া, আহিল পলি-পেট্রোলিয়াম, ডায়বেটিস প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার, ধ্রুপদী পরিবার, হিমু পরিবহন, দেবীদাসঘাট ইউনাইটেড সোসাইটি, রয় এন্টারপ্রাইজ, বন্ধুমহল আশুগঞ্জ এবং কাঁধে_কাঁধে_বাঁধ।
সেমিনারে টেলিমেডিসিনে রোগী ও চিকিৎসকের আইনি অধিকার, ডিজিটাল স্বাস্থ্য তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা, স্বাস্থ্যসেবায় নৈতিকতা এবং সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে সেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, ডক্টরগিরির এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন