বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা লিখিতভাবে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে তাদের মতামত জমা দেন।
বৈঠকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুর বলেন, “আগে নিয়ম ছিল যে, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যুক্ত কেউ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও অবসরের তিন বছর না পেরোনো পর্যন্ত ভোটে দাঁড়াতে পারেন না। তাই আমরা মনে করি, বর্তমান সরকারের উপদেষ্টা বা সুবিধাভোগীরাও যেন আসন্ন নির্বাচনে প্রার্থী হতে না পারেন, নির্বাচন কমিশনের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”
ডাকসুর সাবেক ভিপি আরও জানান, গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের কাছে নয়টি বিষয়ে দাবি উত্থাপন করেছে এবং কমিশন ইতোমধ্যেই এর বেশ কয়েকটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে।
তিনি বলেন, “ইসি জানিয়েছে, তাদের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রস্তুতির অগ্রগতি জানতে এসেছিলাম, তারা আমাদের প্রত্যাশার চেয়েও এগিয়ে আছেন বলে জানিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন