জনসমক্ষে তরুণীকে উত্ত্যক্ত, ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের ‘পারিবারিক বিরোধ’ দাবি
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
জনসমক্ষে তরুণীকে উত্ত্যক্ত, ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের ‘পারিবারিক বিরোধ’ দাবি
উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতীনগর এলাকায় রাতে জনসমক্ষে এক তরুণীকে উত্ত্যক্ত করার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়—এক যুবক রাস্তার মাঝেই তরুণীর ওড়না ধরে টানাটানি করছেন, বারবার হাত ধরারও চেষ্টা করছেন। আশপাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে এসে বাধা দেয়নি। ঘটনাস্থলে উপস্থিত জনতার নিস্পৃহতা স্পষ্টভাবে ধরা পড়ে ভিডিওতে।
শেষ পর্যন্ত এক মোটরসাইকেল আরোহী প্রতিবাদ জানাতে এগিয়ে এলেও তরুণী পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করে দ্রুত সরে যান।
এই ভিডিওটি সর্বপ্রথম সামাজিকমাধ্যমে শেয়ার করেন সমাজবাদী পার্টির নেতা ও কৌশাম্বীর সাংসদ পুষ্পেন্দ্র সরোজ। ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে।
পরে লখনউ পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করে—এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়, বরং এটি “পারিবারিক বিরোধ”। পুলিশের বক্তব্য, ৩ নভেম্বর ওই তরুণী রাগের কারণে বাড়ি থেকে বের হয়ে যান এবং ভিডিওতে যে যুবককে দেখা গেছে তিনি তরুণীর ভাগনে, যিনি তাকে বাড়ি ফিরে যেতে বোঝাচ্ছিলেন। পুলিশের দাবি, ভিডিওতে করা অভিযোগগুলো “ভিত্তিহীন ও ভুল ব্যাখ্যা”।
তবে পুলিশের এই ব্যাখ্যায় ক্ষুব্ধ অনেক নেটিজেন। প্রশ্ন উঠেছে—
“পারিবারিক বিরোধ থাকলেই কি জনসমক্ষে কোনো নারীকে এমনভাবে টানাহেঁচড়া করা স্বাভাবিক?”
অনেকে বলছেন, যদি বিষয়টি ভুল ব্যাখ্যা হয়, তবে পুলিশকে কেন ‘বাঁচানোর ভঙ্গিতে’ এমন ব্যাখ্যা দিতে হচ্ছে?
নেটিজেনরা কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মন্তব্য করেছেন—
“পুলিশ যদি আগে পদক্ষেপ নিত, তাহলে মেয়েটিকে এভাবে ভয় আর লজ্জার চাপে পালিয়ে যেতে হতো না।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন