জামায়াত সরকার হলে বিষপান করবেন—সমাবেশে বিস্ফোরক ঘোষণা ফজলুর রহমানের
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
জামায়াত সরকার হলে বিষপান করবেন—সমাবেশে বিস্ফোরক ঘোষণা ফজলুর রহমানের
কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী হলে এবং দলটি দেশে সরকার গঠন করতে পারলে তিনি ‘বিষ খাবেন’ বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।”
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত ছাড়া আর কেউ বিএনপিকে চাঁদাবাজ, ধান্দাবাজ বা বাটপার বলে না। “এরা মুনাফেক; এরা বেইমান; এরা অকৃতজ্ঞ,” মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমান আরও বলেন, “এরা যে বেঁচে আছে—এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরে বলেছিল—‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচাইছিল। এখন আবার সাপ ফণা তুলছে।”
নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ উল্লেখ করে তিনি জানান, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। তবে ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়।
“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—যে ভোটারই হোন, আমি তার কাছেই ভোট চাই। দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল,” বলেন তিনি।
কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন