খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতিতে হ্যাটট্রিক করেছে বিএনপি: মুফতি রেজাউল করিম
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়েই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে তারা একবার নয়, তিনবার দুর্নীতির শীর্ষে উঠে ‘হ্যাটট্রিক’ করেছে।
তিনি বলেন, “প্রথমবার বিএনপি একা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল। কিন্তু টিকতে পারেনি। এরপর জনগণ যাকে তাড়িয়ে দিয়েছিল, তাকেই হজ্ব, তসবিহ আর কোরআন হাতে দেখে ভাবল হয়তো তওবা করছে। তাই মানুষ আবারো ভোট দিয়ে ক্ষমতায় বসাল। কিন্তু তারা আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো। মেয়াদ পূরণ করতে পারল না। জনগণ ঠকেছে।”
তিনি আরও বলেন, “২০০১ সালে আবারো বিপুল ভোটে ক্ষমতায় আসল বিএনপি। নতুন প্রধানমন্ত্রী, নতুন রাষ্ট্রপতি—সবকিছু নতুন ভাবনায় জনগণ ভোট দিয়েছিল। কিন্তু ফলাফল একটাই—হ্যাটট্রিক দুর্নীতি। এরপর মাইনাস টু ফর্মুলার মাধ্যমে একটি সরকার এলো।”
রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী মুফতি মনসুর আহমাদ সাকী। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি আদর্শ ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের জনগণ আর বারবার ধোঁকায় পড়তে চায় না। পরিবর্তনের জন্য ইসলামি নেতৃত্বকে বিকল্প হিসেবে গ্রহণ করার আহ্বান জানান নেতারা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন