রাণীশংকৈলে সার নিয়ে উত্তেজনা, কৃষি কর্মকর্তাকে মারধর—একটি দাঁত ভেঙে গুরুতর
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
রাণীশংকৈলে সার নিয়ে উত্তেজনা, কৃষি কর্মকর্তাকে মারধর—একটি দাঁত ভেঙে গুরুতর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার সংকটকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ক্ষুব্ধ কৃষকদের হাতে মারধরের শিকার হয়েছেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেন। হামলায় তার একটি দাঁত ভেঙে গেছে বলেও জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে। সার পাওয়ার দাবিতে সকাল থেকেই স্থানীয় ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে কৃষকদের ভিড় বাড়ছিল। রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় সার চাহিদা বৃদ্ধি পেলেও মজুত কম থাকায় কৃষকরা দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সার বিতরণে জটিলতা এবং অভিযোগ–অসন্তোষের মধ্যেই কৃষি কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কৃষকদের বাকবিতণ্ডা শুরু হয়। এরমধ্যে কয়েকজন কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন অন্য কৃষকেরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এক পর্যায়ে উত্তেজনা বাড়লে আকতার হোসেন দুপুরে খাবারের জন্য স্থান ত্যাগ করেন। কিন্তু পরে বিতরণস্থলে ফিরে আসার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে ঘিরে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আকতার হোসেনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একটি দাঁত ভেঙে গেছে। তার সুস্থতার পর ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাণীশংকৈল থানার ওসি জানিয়েছেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন