বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার কুমিল্লার দুই শিক্ষার্থী
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার কুমিল্লার দুই শিক্ষার্থী হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবিদুল ইসলাম খান, আর জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন আবু বাকের মজুমদার। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তাদের প্রার্থিতা ইতিমধ্যেই দৃষ্টি কেড়েছে।
মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সন্তান আবিদুল ইসলাম খান। তাঁর বাবা আনোয়ারুল ইসলাম খান স্থানীয় বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন। আবিদুলের পারিবারিক শিকড়ও বেশ পরিচিত—তিনি মুরাদনগরের দৌলতপুর দরবার শরীফের পীর মরহুম ইয়াকুব আলীর নাতি।
অন্যদিকে, বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে বেড়ে ওঠা আবু বাকের মজুমদার বর্তমানে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত বাকের পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ। প্রয়াত মোজাম্মেল হোসেন মজুমদার ও রাজিয়া সুলতানার ছেলে তিনি। ঘনিষ্ঠজনদের কাছে তিনি ‘সাকিব’ নামে পরিচিত।
শিক্ষাজীবনে তিনি সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ভর্তি হন। ছাত্রজনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি দ্রুত পরিচিতি পান এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিবের দায়িত্বও পালন করেন।
এ প্রসঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমির বাসিন্দা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) এর সাবেক ভিপি মো. আবদুস সালাম বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কুমিল্লার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় অগ্রগামী ভূমিকা রেখেছে। ছাত্ররাজনীতিতেও তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। তবে ডাকসু নির্বাচনে শেষ পর্যন্ত দলীয় প্যানেলের অবস্থানই জয়-পরাজয়ের মূল ফ্যাক্টর হয়ে ওঠে।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন