ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার থাই অভিনেত্রী রাইবেনা
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার থাই অভিনেত্রী রাইবেনা—১৭ জনের ১৯৫ মিলিয়ন বাথ প্রতারণার অভিযোগ
ল্যান্ডের জনপ্রিয় অভিনেত্রী রাইবেনা ইন্তাচাইকে ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালেই ব্যাংককের ওয়াথানা জেলার নিজ বাসা থেকে তাকে আটক করে অর্থনৈতিক অপরাধ দমন বিভাগ (ইকোনমিক ক্রাইম সাপ্রেশন ডিভিশন)। খবর—ব্যাংকক পোস্ট।
পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে বহু ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার অভিযোগে রাইবেনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি ১৭ জনের কাছ থেকে প্রায় ১৯৫ মিলিয়ন বাথ সংগ্রহ করেন। গত মাসের মাঝামাঝি সময়ে অভিযোগ উঠার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সম্পত্তি জালিয়াতি ও ঋণ প্রতারণার মামলায় আদালত রাইবেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারের সময় ১ কোটি বাথের বেশি মূল্যমানের সম্পদ—গাড়ি, বাড়ি, ব্যাগ, অলঙ্কার ও সংগ্রহযোগ্য শিল্প খেলনা—জব্দ করে পুলিশ।
পুলিশের তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে রাইবেনা বিভিন্ন ব্যক্তিকে ব্যবসায়িক বিনিয়োগের লোভনীয় প্রস্তাব দেন। এর মধ্যে ছিল—
৪–৭% মাসিক রিটার্নের প্রতিশ্রুতি
স্টক ট্রেডিং
বাস্কেটবল কোর্ট নির্মাণ
বিদেশি খাবারের দোকান পরিচালনা
তবে বেশিরভাগ প্রকল্পই বাস্তবে ছিল না বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
এদের মধ্যে অন্যতম অভিযোগকারী অভিনেত্রী জ্যানি তিয়েনফোসওয়ান। তিনি জানান, রাইবেনা তাকে যুক্তরাষ্ট্রে একটি রেস্টুরেন্ট প্রোজেক্টে বিনিয়োগ করাতে বলেন, কিন্তু পরে জানা যায় প্রকল্পটির কোনো অস্তিত্ব নেই। জ্যানির ক্ষতির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন বাথ।
এদিকে রাইবেনার আইনজীবী সাইয়ুদ পেংবুনচু জানিয়েছেন, তার মক্কেলের জামিনের জন্য পাঁচ লাখ বাথ মূল্যের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, “রাইবেনার আগে কোনো মামলা ছিল না। পরিবার তার জামিন নিয়ে উদ্বিগ্ন।”
পুলিশ জানিয়েছে, ১ ডিসেম্বর সন্ধ্যায় অভিনেত্রীর আইনজীবী আত্মসমর্পণের প্রস্তাব পাঠালেও তখন তাকে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। পরে আগাম সমন ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দোষী প্রমাণিত হলে রাইবেনার তিন বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন রাইবেনা। তিনি দাবি করেন, তিনি জেনে-বুঝে কোনো অবৈধ ঋণ নেননি এবং তার সকল পাওনাদারের অর্থ পরিশোধ করার মতো সক্ষমতা তার রয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন