মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা-ভাঙ্গা মহাসড়ক দিন দিন যেন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হচ্ছে।
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫
দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-ভাঙ্গা মহাসড়ক দিন দিন যেন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হচ্ছে। বেপরোয়া গতি, আইন অমান্য আর পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা এখন এখানে নিত্যনৈমিত্তিক। চলতি আগস্ট মাসের মাত্র ২১ দিনেই ঘটেছে ১৩টি বড় দুর্ঘটনা—প্রাণ গেছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন আরও কয়েক ডজন।
২৭ ডিসেম্বর ধলেশ্বরী টোল প্লাজার সামনে যাত্রীবোঝাই একটি বাস প্রাইভেটকারকে পিষে দিলে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। ১৮ এপ্রিল মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত বাসের ছাদ উড়ে যাওয়ার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। ৮ মে নিমতলায় চাকা পরিবর্তনের সময় অ্যাম্বুলেন্সে থাকা বাবা-মা ও বোনসহ একই পরিবারের পাঁচজনকে পেছন থেকে ধাক্কা দিয়ে মর্মান্তিকভাবে প্রাণ কেড়ে নেয় একটি বাস। সম্প্রতি ২১ আগস্টে একদিনে দুইটি দুর্ঘটনায় আরও ৬ জনের মৃত্যু হয়।
চালকদের অভিযোগ অনুযায়ী, অনেক গাড়িচালক মাদকের প্রভাবে স্টিয়ারিং ধরেন, আবার মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া গতি অন্য যানবাহনকে হঠাৎ সাইড নিতে বাধ্য করে। ফলাফল—প্রতিনিয়ত নতুন নতুন লাশের সারি।
অবশ্য এক্সপ্রেসওয়ের পুরো ৩২ কিলোমিটারে বসানো হয়েছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)—যেখানে রয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা, স্পিড মনিটরিং সিস্টেম, পরিবর্তনশীল লেনের সাইনবোর্ডসহ আধুনিক সুবিধা। কিন্তু প্রযুক্তি থাকলেও বাস্তবায়নের ঘাটতিতেই কাজের কাজ কিছু হচ্ছে না। ট্রাফিক আইন ভাঙার প্রতিযোগিতা চলছে অবাধে।
মুন্সীগঞ্জ হাসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী জানিয়েছেন, খুব শিগগিরই ক্যামেরার মাধ্যমে ধরা পড়া গাড়ির বিরুদ্ধে অনলাইনে মামলা দেয়ার প্রক্রিয়া শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনও জানিয়েছেন, আইটিএস পুরোপুরি চালু হলে হাইওয়ে পুলিশ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি মামলা করতে পারবে।
সরকারি পরিসংখ্যান ভয়াবহ চিত্র তুলে ধরছে। কেবল গত জুলাইয়েই এ সড়কে ঘটেছে ১৮টি দুর্ঘটনা। আর এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে ঘটে গেছে ১ হাজার ৩০৩টি দুর্ঘটনা, যাতে প্রাণ হারিয়েছেন ১৮৪ জন মানুষ।
বিশ্বমানের অবকাঠামো তৈরি হলেও আইন প্রয়োগ ও সচেতনতার ঘাটতি মেটানো না গেলে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মানুষকে গন্তব্যে পৌঁছানোর চেয়ে বরং মৃত্যুতে ঠেলে দেওয়ার রাস্তা হিসেবেই থেকে যাবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন