বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবনপাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার কিছু আগে তিনি খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
একই দিনে আরও ব্যস্ত সময় কাটিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে প্রণীত একটি গ্রাফিতি সংকলন উপহার দেন তাকে।
এর আগে দুপুরে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন দার। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
তবে শুধু সরকার ও বিএনপির নেতাদের সঙ্গেই নয়, দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।
তিন দিনের সরকারি সফরে তিনি শনিবার (২৩ আগস্ট) বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন