নাহিদ ইসলাম মনে করেন, নির্ধারিত সময়ে ভোট হওয়া সম্ভবপর নয়।
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নাহিদ ইসলাম মনে করেন, নির্ধারিত সময়ে ভোট হওয়া সম্ভবপর নয়।
রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।
তিনি বলেন, “আমাদের দাবি স্পষ্ট—৭২-এর সংবিধান সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। জুলাই সনদের আইনি ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন পিছিয়ে ডিসেম্বরেও হলে আপত্তি নেই, কিন্তু সংস্কারের বাইরে ভোট আয়োজন অর্থহীন।”
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও জানান, “বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন পেছানো বা এগোনো নিয়ে যত কথা হচ্ছে, এগুলো আসলে কেবল গালগল্প।”
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতার ভাষায়, জনগণের কাছে পরিবর্তনের দায়বদ্ধতা প্রমাণ করাই এখন তাদের প্রধান এজেন্ডা। তিনি বলেন, “আমরা চাই, মানুষ জানুক—এই পরিবর্তন এসেছে জুলাইয়ের অভ্যুত্থানের ধারাবাহিকতায়। তাই সংস্কার সম্পন্ন হওয়ার পরেই আমরা নির্বাচনের প্রসঙ্গ বিবেচনা করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।
তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। মালয়েশিয়ার কাজাং শিল্প এলাকায় কর্মরত প্রবাসীদের দাবিদাওয়া শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন