রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা রোডম্যাপ
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা রোডম্যাপ
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংকট নিরসনে সাতটি দিকনির্দেশনামূলক প্রস্তাব উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধনের পর আয়োজিত “স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন” শীর্ষক আলোচনায় তিনি এ প্রস্তাবনা দেন।
প্রস্তাবিত ৭ কর্মপরিকল্পনা
১. দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা জরুরি। শুধু কথার মধ্যে আটকে থাকলে চলবে না।
২. ২০২৫-২৬ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার অর্থ সংকট পূরণে আন্তর্জাতিক দাতা সংস্থা ও মানবিক সহযোগীদের অব্যাহত সহায়তা নিশ্চিত করতে হবে।
৩. রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে ভেতরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ঘরে ফেরার সুযোগ দিতে হবে।
৪. মিয়ানমারের ভেতরে জাতিগত উত্তেজনা ও সংঘাত নিরসনে সংলাপের প্ল্যাটফর্ম গড়ে তোলা অপরিহার্য। রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে পুনর্মিলন, অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও প্রত্যাবাসনের পথ খুলে দিতে হবে।
৫. আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আসিয়ানসহ আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা বাড়াতে হবে। মানবপাচার, মাদক চোরাচালান ও ক্ষুদ্র অস্ত্রের অবৈধ বাণিজ্য প্রতিরোধে জোর দিতে হবে।
৬. আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো আরও শক্তিশালী করতে হবে, যাতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব হয়।
৭. শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করে।
তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন হয়। সেখানে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, আস্থা গড়ে তোলা ও টেকসই সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়।
এ আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা প্রতিনিধি এবং প্রবাসী রোহিঙ্গারা
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন