আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় প্রথমবারের মতো আদালতে চার্জশিট জমা
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় প্রথমবারের মতো আদালতে চার্জশিট জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. আলমগীর হোসাইন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ চার্জশিট দাখিল করেন। পরে সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
তিনি জানান, অভিযুক্তদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, আর বাকিরা এখনো পলাতক রয়েছেন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিতে অটোচালক আব্দুল লতিফ নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা মো. নেজাবুদ্দিন থানায় মামলা করেন, যেখানে প্রথমে ১২ জনকে আসামি করা হয়েছিল।
তদন্ত শেষে নতুন চার্জশিটে পূর্বে আসামি করা ওই ১২ জনের পাশাপাশি আরও দুজনকে যুক্ত করা হয়। অভিযুক্তদের তালিকায় আছেন সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, ওমর ফারুক, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল ও আবু বকর সিদ্দিক।
আদালত সূত্রে জানা যায়, মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন