জটিলতা এড়িয়ে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের আহ্বান ফখরুলের
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫
জটিলতা এড়িয়ে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের আহ্বান ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে—সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অপ্রয়োজনীয় জটিলতা না বাড়িয়ে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে এক ধরনের হতাশার আবহ তৈরি হয়েছে। চারদিকে দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতারাও সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে, অথচ সেই ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা পাকিস্তান সেনাদের সহযোগিতা করেছিল, আজ তারাই বড় বড় বুলি আওড়াচ্ছে। তাই জনগণকে সজাগ থাকতে হবে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আত্মতুষ্টিতে ভোগা বিপজ্জনক।
ফখরুলের অভিযোগ, সরকারের ভেতরের একটি অংশ সচেতনভাবেই গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার চক্রান্ত করছে। তিনি বলেন, এমনকি সরকারি কর্মকর্তারা বিদেশেও হামলার শিকার হচ্ছেন, যা দেশের জন্য অশনি সংকেত।
তিনি আরও দাবি করেন, একটি ব্যবসায়ী গোষ্ঠী বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে ব্যর্থ নেত্রীকে ফেরানোর পরিকল্পনা করছে, যা আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফখরুল বলেন, “এক বছরের মধ্যে যথেষ্ট সংস্কার ও পরিবর্তন আনা সম্ভব ছিল। তিন মাসের মধ্যে নির্বাচন দিলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসত। এখনও সময় আছে, সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজন করুন।”
অতীত প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে সবাই শেখ মুজিবুর রহমানের পেছনে ছুটেছিল, আর মওলানা ভাসানী উপেক্ষিত হয়েছিলেন। কিন্তু মুক্তির পর একদলীয় শাসন চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধু জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন