বিএনপি নেতা ইলিয়াস আলীসহ সব নিখোঁজ ব্যক্তির খোঁজ দাবি জামায়াতের
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ সব নিখোঁজ ব্যক্তির খোঁজ দাবি জামায়াতের
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল মানুষের সন্ধান চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০১১ সাল থেকে বিশ্বজুড়ে ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এ দিনটি গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানানোর দিন। প্রিয়জন হারানোর যন্ত্রণার ভেতর দিয়ে যারা যাচ্ছেন, তাদের দুঃখ-কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেকে বছরের পর বছর প্রিয়জনের অনিশ্চয়তার মাঝে জীবন কাটাচ্ছেন, অনেক পরিবার ভেঙে পড়েছে।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, আজকের তথাকথিত সভ্য সমাজেও বিভিন্ন দেশে স্বৈরশাসকরা ভিন্নমত দমন করতে গুমের পথ বেছে নিচ্ছে। বাংলাদেশও তার বাইরে নয়। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রায় সাতশ মানুষ গুম হয়েছেন। এর মাধ্যমে বিরোধী কণ্ঠরোধ করে ভয়ঙ্কর নির্যাতনের নজির তৈরি করা হয়েছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন উভয়েরই সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম বহু বছর পর ফিরলেও—জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আল মোকাদ্দাস, মোহাম্মদ ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাবেক কমিশনার চৌধুরী আলমসহ অসংখ্য মানুষ আজও নিখোঁজ রয়ে গেছেন।
শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেন এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেন
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন