ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া: পুতিন
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান রুশ প্রেসিডেন্ট। দুদিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও পরমাণু সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ছয় ইউনিটের মধ্যে দুটি চালু, চারটির কাজ চলমান
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মোদির সঙ্গে বৈঠকের পর পুতিন জানান—
“কুণ্ডনকুলম পারমাণবিক প্রকল্পের ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যে গ্রিডে যুক্ত হয়েছে। বাকি চারটির নির্মাণ দ্রুত এগোচ্ছে। পুরো প্রকল্প চালু হলে ভারতের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির সরবরাহে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”
রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাতেই ভারত সফর শেষ করে মস্কোর উদ্দেশে রওনা দেন।
২০৭০ সালের মধ্যে ১০ গুণ বেশি পারমাণবিক শক্তির লক্ষ্য ভারতের
এই বছরের শুরুতে ভারত ঘোষণা দেয়, ২০৭০ সালের মধ্যে দেশটি ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। যা বর্তমানে উৎপাদন ক্ষমতার তুলনায় ১০ গুণ বেশি।
ভারতের জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এই লক্ষ্য অর্জনে ভবিষ্যতে ছোট আকারের আধুনিক রিঅ্যাক্টরগুলো (Small Modular Reactors–SMR) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুণ্ডনকুলম প্রকল্প ভারতের জ্বালানি স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু–বান্ধব শক্তি ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন