নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনী সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-যৌথবাহিনী সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের
নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের আন্দোলন ঘিরে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে হাবিব (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উত্তরা ইপিজেডে প্রথমে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। টিয়ারশেল ও গুলি ছোড়ার পর সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।
নিহত হাবিব স্থানীয় সদর উপজেলার মাছিরচাক গ্রামের বাসিন্দা এবং ইপিজেডের ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং কারখানার কর্মী ছিলেন। আহত ছয়জনকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিনের নানা অনিয়মের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছিলেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে—পূর্ব নোটিশ ছাড়াই ছাঁটাই, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ, নারী শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণ, বেতন বাড়লে ছাঁটাইয়ের প্রবণতা, নামাজে বাধা, প্রতি দ্বিতীয় শুক্রবার ছুটি না পাওয়া এবং পাঞ্চ মেশিন অনুযায়ী বেতন নির্ধারণসহ মোট ২৩টি দাবি।
গত তিন দিন ধরে আন্দোলন চলছিল। মঙ্গলবার সকালে এভার গ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের সামনে উত্তেজনা চরমে উঠলে সংঘর্ষের সূত্রপাত হয়। যৌথবাহিনীর হস্তক্ষেপের পর ঘটনাস্থলেই হাবিব প্রাণ হারান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুর রহিম বলেন, নিহত শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং ছয়জন আহত বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন