ব্যাংকের মূলধন ১০% এর নিচে গেলে বোনাস নয়: গভর্নর
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫
ব্যাংকের মূলধন ১০% এর নিচে গেলে বোনাস নয়: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে নেমে যায় এবং তারা প্রভিশন লসে পড়ে, তবে সেই ব্যাংক ডিভিডেন্ড কিংবা কর্মকর্তাদের বোনাস দেওয়ার সুযোগ পাবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত “ব্র্যান্ডিং বাংলাদেশ: আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি” শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর এ বক্তব্য দেন।
তিনি বলেন, গত কয়েক বছরে অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আংশিকভাবে সফলতাও এসেছে।
গভর্নর জানান, প্রবাসী আয়ের প্রবাহ ২১ শতাংশ বেড়েছে, যার ফলে বৈদেশিক লেনদেনের (ব্যালেন্স অব পেমেন্ট) সব খাতেই উদ্বৃত্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, আগে কমিশন বাণিজ্যের মাধ্যমে হুন্ডিতে প্রায় ৩০ শতাংশ রেমিট্যান্স লিকেজ হতো, এখন সেই প্রবণতা কমে এসেছে।
তার ভাষায়, আমদানি কমেনি, তবে দাম কমেছে। যারা অতিরিক্ত দাম দেখিয়ে অর্থ পাচার করত, তারা এখন আর সক্রিয় নেই। সুশাসনের কারণে ব্যয় কমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
এছাড়া তিনি জানান, তিন মাসের ঋণ অনাদায়ী হলে সেটিকে নন-পরফর্মিং লোন হিসেবে ধরা হবে। আর যদি কোনো ব্যাংক প্রভিশন লসে পড়ে, তাহলে কর্মকর্তাদের বোনাস বন্ধ থাকবে।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক এক বিলিয়ন ডলার বাজার থেকে কিনলেও ডলারের দাম বাড়েনি। তবে গভর্নর স্বীকার করেন, ডলার সংকট নেই, কিন্তু টাকার সংকট রয়েছে। তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে। আগস্টে চালের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি সামান্য বেড়েছে, তবে আমরা এটিকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে চাই।”
গভর্নর আরও জানান, জুন মাসের রিপোর্ট অনুযায়ী খেলাপি ঋণ প্রায় ৩০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে ৭ সেপ্টেম্বর থেকে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু হবে। তার আশা, এক থেকে দুই বছরের মধ্যে এ ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, যা কর্মকর্তা ও আমানতকারীদের জন্য ইতিবাচক হবে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন