ডিএমপি কমিশনার: অপরাধ দমনে জনসম্পৃক্ততা অপরিহার্য
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫
ডিএমপি কমিশনার: অপরাধ দমনে জনসম্পৃক্ততা অপরিহার্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের সফলতার মূল শক্তি হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশান থানায় আয়োজিত আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির (এলওসিসি) বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শেখ সাজ্জাত আলী বলেন, গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় স্থানীয় জনগণের আর্থিক সহায়তা ও উদ্যোগে সমগ্র অঞ্চলকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর ফলে অপরাধ ঘটার আগেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে এবং যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, তাৎক্ষণিকভাবে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাচ্ছে।
এলওসিসি সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত জানান, নাগরিক-পুলিশ আস্থার সেতুবন্ধ গড়ে তুলতেই এলওসিসি গঠিত হয়। শুরুতে মাত্র ২৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে প্রায় দেড় হাজার ক্যামেরা স্থাপনের মাধ্যমে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সংগঠনের মহাসচিব শামসুল আরেফিন চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে গড়ে ওঠা এই উদ্যোগটি এখন ডিএমপির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সহ-সভাপতি শওকত হোসেন দিলন যোগ করেন, এলাকাজুড়ে সিসি ক্যামেরা বসানোর ফলে রাস্তার ছিনতাই বা চুরি-ডাকাতির মতো অপরাধ কার্যত নেই বললেই চলে।
১৩ বছরের কার্যক্রমে এলওসিসি দেখিয়ে দিয়েছে, নাগরিক ও পুলিশের যৌথ উদ্যোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি নিরাপদ নগর পরিবেশ তৈরি করা সম্ভব। সভায় বক্তারা মত দেন, গুলশান-বারিধারা অঞ্চলের এই মডেল রাজধানীর অন্যান্য এলাকাতেও অনুসরণ করা যেতে পারে।
এসময় ডিএমপি কমিশনার গুলশান থানা প্রাঙ্গণে স্থাপিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল সিস্টেম সরেজমিনে পরিদর্শন করেন। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন