শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ইলিশের বাজারে চড়া দামের চাপ
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুরে ইলিশের বাজারে চড়া দামের চাপ
চাঁদপুরে মৌসুমের শেষ সময়ে এসে ইলিশের বাজারে ক্রেতাদের ভিড় বাড়লেও সরবরাহ কমে যাওয়ায় দাম রয়েছে আকাশছোঁয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছুটির দিনে বড়স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলেও সাধারণ মানুষ দাম সামলাতে হিমশিম খাচ্ছেন।
ক্রেতাদের অভিযোগ, স্থানীয় বাজারে পর্যাপ্ত ইলিশ না থাকলেও প্রতিবেশী দেশে রপ্তানি অব্যাহত রয়েছে। ঢাকা থেকে আসা জাহিদুল ইসলাম বলেন, “রাজধানীতেও দাম অনেক বেশি। দেশে পর্যাপ্ত ইলিশ পাই না, অথচ সরকার পাশের দেশে পাঠাচ্ছে। দাম নিয়ন্ত্রণ করা এখন জরুরি।”
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, সেদিন মাছঘাটে সরবরাহ ছিল মাত্র ৩০০ মণ, যেখানে ভরা মৌসুমে সাধারণত এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ ওঠে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়, আর ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে প্রায় ২ হাজার টাকায়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, প্রতিবেশী দেশে রপ্তানির কারণে নয়, বরং কম সরবরাহের কারণেই দাম এতটা বেড়েছে। তবে তিনি আশা করছেন, মৌসুমের শেষ দিকে কিছুটা সরবরাহ বাড়লে বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন