ভারত আর বাংলাদেশকে আধিপত্যের শৃঙ্খলে আবদ্ধ রাখতে পারবে না।
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে যদি প্রকৃত রাষ্ট্রীয় সংস্কার ও কার্যকর বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তবে প্রতিবেশী ভারত আর বাংলাদেশকে আধিপত্যের শৃঙ্খলে আবদ্ধ রাখতে পারবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো দৃশ্যমান সংস্কার কার্যক্রম ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু করার আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ জুলাইয়ের ঘটনাবলীতে যারা নিহত, পঙ্গু কিংবা চোখ হারিয়ে আজীবন কষ্টে আছেন, তাদের জন্য সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এসব হত্যাকাণ্ডের বিচার বাদ দিয়ে শুধুই নির্বাচনকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। আর এ বিষয়ে কেউ কথা বললেই বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট পিছিয়ে দিতে চায়—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
চরমোনাই পীর আরও স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তার দলই প্রথম 'পিআর পদ্ধতি' (আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা) চালুর দাবি তোলে। তিনি বলেন, গণতন্ত্রের শেকড় মজবুত করতে এই ব্যবস্থার বিকল্প নেই। যারা এই পদ্ধতির প্রয়োজনীয়তা বোঝে না, তারা জনগণের রায় নিয়ে দেশ চালানোর যোগ্যতাও রাখে না। বিএনপির সমর্থন দেশে ২০ শতাংশেরও কম—এই কারণেই তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে বলে তিনি উল্লেখ করেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোকলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন