উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশ প্রতিনিধিদলের নিরাপত্তা বহুগুণে জোরদার করা হয়েছে
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশ প্রতিনিধিদলের নিরাপত্তা বহুগুণে জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেই সঙ্গে সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর চালানো পরিকল্পিত হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারের দাবি, এই আক্রমণটি পরিচালনা করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকরা।
বিবৃতিতে বলা হয়, “দেশে কিংবা দেশের বাইরে—যেখানেই হোক না কেন, রাজনৈতিক সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শন কখনোই বরদাশত করা হবে না। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের প্রতিশ্রুতি অবিচল। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাটির পর থেকে প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের প্রতিটি সদস্যকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে।
সরকারের বক্তব্যে বলা হয়, “এই আক্রমণ শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির জ্বলন্ত দৃষ্টান্ত। আমরা সেই ধ্বংসাত্মক রাজনীতির অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।”
এর আগে সফরের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন স্তরে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। নিউইয়র্কে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে প্রথমে বিশেষ ভিভিআইপি গেট দিয়ে বের করে সুরক্ষিত পরিবহন ইউনিটে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা-সংক্রান্ত কিছু অপ্রত্যাশিত জটিলতার কারণে শেষ মুহূর্তে বিকল্প পথে যাতায়াত করতে হয়।
বিমানবন্দরে ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ সেই আবেদন মেনে নেয়নি। এর ফলে প্রতিনিধিদলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্থানীয় পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। সরকার জানিয়েছে, ইতোমধ্যেই একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ এবং পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকার জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে প্রতিনিধিদলের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন