জাতীয় নাগরিক পার্টির প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মনোনয়ন ফরম বিতরণ ও যাচাই–বাছাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঘোষিত তালিকায় কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি সতর্ক করেন।
ঘোষিত তালিকায় দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, উপকূলীয় জেলা থেকে শুরু করে ঢাকা মহানগর ও পার্বত্য অঞ্চল পর্যন্ত সব এলাকার প্রতিনিধিত্ব রাখা হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়াসহ প্রতিটি জেলায় বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরিশাল ও ঝালকাঠির মনোনীত প্রার্থীদের তালিকায় নারীরা ও নতুন মুখের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে।
এ ছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর অঞ্চলেও বিস্তৃতভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ঢাকা বিভাগের বেশ কয়েকটি আসনে চিকিৎসক, শিক্ষাবিদ, সাবেক সামরিক কর্মকর্তা ও নতুন রাজনৈতিক কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুরেও দলটি প্রার্থী নির্ধারণ করেছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা অঞ্চলে আইনজীবী ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলাতেও প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়, ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে দলটি মোট ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন