পিআর–শাপলা ছাড়া নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি বিপজ্জনক: সাকি
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
পিআর–শাপলা ছাড়া নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি বিপজ্জনক: সাকি
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সময় সংবাদের সম্পাদকীয় আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সাকি বলেন, কিছু রাজনৈতিক দল এমন ভাষা ব্যবহার করছে যেন তাদের দাবি না মানা হলে নির্বাচনই সম্ভব নয়। “আমি এটা না হলে করব না” বা “আমার প্রতীক ছাড়া নির্বাচন হতে দিই না”—এই মনোভাব ইতিবাচক বা গণতান্ত্রিক কোনো অবস্থান নয় বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, জামায়াতে ইসলামী নিম্নকক্ষে পিআর দাবি করতে পারে, তারা সেটা সামনে এনে জনমত তৈরি করছে—এ অধিকার তাদের আছে। কিন্তু “পিআর না হলে নির্বাচন হবে না” এই অবস্থান দায়িত্বশীল নয়। এর মাধ্যমে শক্তি পরীক্ষার পথ বেছে নেওয়া হয়, যা সরাসরি সংঘাতকে আমন্ত্রণ জানায়। একইভাবে কেউ যদি বলে “শাপলা প্রতীক ছাড়া নির্বাচন হবে না”—সেটাও অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য।
সাকি স্মরণ করিয়ে দেন, অভ্যুত্থান কোনো একক শক্তির নেতৃত্বে হয়নি; তাই এখন শক্তি পরীক্ষার মাধ্যমে মীমাংসার চেষ্টা সংঘাতকেই ত্বরান্বিত করবে। তিনি বলেন, “প্রথম ঐকমত্য কমিশনের বৈঠকে আমরা ঠিক করেছিলাম—যে বিষয়ে ঐকমত্য হবে না, তা জনগণই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করবে। কিন্তু এখন সেটা বাদ দিয়ে যদি শক্তি প্রদর্শনের মাধ্যমে সমাধান খোঁজা হয়, তাহলে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আমরা উত্তরণের পথ দেখব কি শক্তি পরীক্ষার মাধ্যমে, নাকি জনগণের রায়ের ওপর ছেড়ে দেবো? জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে, সেটিই গণতান্ত্রিকভাবে মেনে নিতে হবে।”
আর্টিকেল ৭০ ইস্যু প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিকভাবে ৪টি ব্যতিক্রমের (একসেপশন) প্রস্তাব তোলা হয়েছিল। প্রথম দুইটিতে সবাই একমত হলেও বিএনপি আরও দুইটি যুক্ত করার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত সমঝোতা হয় যে, দলগুলো চাইলে তাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যতিক্রমগুলো অন্তর্ভুক্ত করতে পারবে। এরপর যে দল জিতবে, তার প্রস্তাবই কার্যকর হবে।
কিন্তু হঠাৎ করেই উচ্চকক্ষে পিআর নিয়ে বিতর্ক শুরু হয়, আর সেখান থেকে নিম্নকক্ষেও পিআরের দাবি জোরালো হতে থাকে। যদিও সাকি মনে করিয়ে দেন, নিম্নকক্ষে পিআর বিষয়টি কখনোই আলোচনার আনুষ্ঠানিক এজেন্ডা ছিল না। “এখন কোনো দল চাইলে দাবি তুলতে পারে, কিন্তু সেটা আলোচ্য তালিকায় আগে কখনো ছিল না”—বলেন তিনি।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন