লাগামহীন সবজির বাজারে কাঁচা মরিচের ‘ত্রিশোতক’
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫
লাগামহীন সবজির বাজারে কাঁচা মরিচের ‘ত্রিশোতক’
রাজধানীর বাজারে ফের চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে কাঁচা মরিচে, যা এখন খুচরা বাজারে কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
সরবরাহ সংকটে দাম বৃদ্ধি
বিক্রেতাদের দাবি, পূজার ছুটি এবং কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাজারে দেশীয় সবজির সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। কারওয়ান বাজারের বিক্রেতা আনিস জানান, "সরবরাহ কম থাকায় সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেশ চড়া।" অন্যদিকে বিক্রেতা শাহবুদ্দিন বলেন, “দাম বেশি হলেও ক্রেতারা কিনতে কমাচ্ছেন। তাই বেচাবিক্রিও কমে গেছে।”
কোন সবজি কত দামে?
বাজারে বর্তমানে মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা কেজি, পটোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, করলা ১২০ টাকা, শিম ২০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, বরবটি ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা ও শসা ৬০ টাকায়। এছাড়া পেঁয়াজ কেজিপ্রতি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
কাঁচা মরিচের ‘ত্রিশোতক’
সবচেয়ে বেশি আলোচনায় কাঁচা মরিচ। গত সপ্তাহেও যার দাম ছিল ২০০ টাকার নিচে, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে কেজিতে ৩২০ টাকার কাছাকাছি। বিক্রেতা নূর ইসলাম জানান, ভারি বৃষ্টিতে অনেক অঞ্চলের মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। এর সঙ্গে পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকায় সরবরাহ কমে গেছে।
ভোক্তার হাহাকার
ক্রেতারা বলছেন, সবজির লাগামছাড়া দামে সাধারণ মানুষ দিশেহারা। ক্রেতা হাসিবুল তুষ্ট বলেন, "মরিচের দাম এক সপ্তাহে প্রায় ১৫০ টাকা বেড়েছে। সবজি কিনলেই কেজিপ্রতি ৩০ টাকা বেশি দিতে হচ্ছে।" আরেক ক্রেতা বাচ্চু জানান, “এভাবে দাম বাড়তে থাকলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য বাজার চালানো অসম্ভব হয়ে পড়বে।”
মাছ-মাংসের বাজার
সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকা, আর সোনালি মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস (৭৬০-৮০০ টাকা) ও খাসির মাংস (১,২০০ টাকা) আগের দামে রয়েছে।
ইলিশের বাজারও উত্তপ্ত। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৪০০-২,৫০০ টাকায়। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১,৮০০-২,০০০ টাকায় এবং ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ১,৫০০-১,৬০০ টাকায়। অন্যান্য মাছের মধ্যে বোয়াল ৭৫০-৯০০ টাকা, কোরাল ৮০০-৮৫০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, রুই ৩০০-৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা, পাবদা-শিং ৪০০-৫০০ টাকা এবং ট্যাংরা ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজার স্থিতিশীল
তবে চালের বাজারে তেমন কোনো নতুন পরিবর্তন নেই। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন