বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, তামিলনাড়ুতে বিক্রি বন্ধ
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, তামিলনাড়ুতে বিক্রি বন্ধ
দুই সপ্তাহের ব্যবধানে ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১১ শিশুর মৃত্যুর ঘটনায় কাশির সিরাপের যোগসূত্র পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ‘কোল্ডরিফ’ নামের সিরাপের বিক্রি নিষিদ্ধ করেছে তামিলনাড়ু সরকার এবং বাজার থেকে সব সরবরাহ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
তামিলনাড়ুর খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ১ অক্টোবর থেকে রাজ্যে কোল্ডরিফ সিরাপ বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় পরিদর্শন চালিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত নমুনাগুলোতে বিপজ্জনক রাসায়নিক ‘ডাইথাইলিন গ্লাইকল’-এর উপস্থিতি আছে কিনা, তা যাচাই করতে সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, সংস্থাটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিসহ বেশ কয়েকটি রাজ্যে এই সিরাপ সরবরাহ করে থাকে।
শিশুমৃত্যুর ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, দুই বছরের কম বয়সী শিশুদের কাশি বা সর্দির ওষুধ প্রেসক্রাইব করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে, পরীক্ষাগারের ফল না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক কয়েক দিনে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও রাজস্থানের সিকার জেলায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটে। প্রথমে হালকা জ্বর দেখা দিলেও পরবর্তীতে কিডনি বিকল হয়ে শিশুরা মারা যায়। বৃহস্পতিবার পর্যন্ত ছিন্দওয়ারায় ৯ জন ও রাজস্থানে ২ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন