ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপের চেষ্টা
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপের চেষ্টা, আদালতে হুলস্থুল
সনাতন ধর্ম নিয়ে স্লোগান দেওয়া ব্যক্তি আটক
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের দিকে এক ব্যক্তি হঠাৎ জুতা ছুড়ে মারার চেষ্টা করেন। সোমবার (৬ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় এই ঘটনা ঘটে। এতে মুহূর্তেই এজলাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার পরপরই সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিভাগ তদন্ত শুরু করেছে।
আইনি বিষয়ক সংবাদমাধ্যম লাইভ ল–এর বরাত দিয়ে জানা যায়, প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন—ওই ব্যক্তি প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়ে মারার চেষ্টা করেন, আবার অনেকে বলছেন তিনি কাগজের একটি বান্ডিল নিক্ষেপ করেছিলেন। ঠিক কী নিক্ষেপ করা হয়েছিল, তা নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে।
সকালের দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চে নিয়মিত মামলার শুনানি চলছিল। ঠিক তখনই আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি হঠাৎ সামনে এগিয়ে এসে প্রধান বিচারপতির দিকে কিছু একটা ছুড়ে মারার চেষ্টা করেন। তবে উপস্থিত নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন।
পরে ওই ব্যক্তিকে আদালতের বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন, বলেন—“সনাতন ধর্মের অপমান বরদাস্ত করব না!”
তবে এই ঘটনার পরেও সম্পূর্ণ স্থির ও শান্ত ছিলেন প্রধান বিচারপতি গাভাই। কয়েক মিনিটের জন্য আদালতের কার্যক্রম বন্ধ থাকলেও পরে স্বাভাবিকভাবে শুনানি আবার শুরু হয়।
ওই ঘটনার পর উপস্থিত আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন,
“এসব দেখে বিচলিত হবেন না। আমরা বিভ্রান্ত নই, এমন ঘটনায় আমাদের দায়িত্বে কোনো প্রভাব পড়বে না।”
এই ঘটনায় সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন