বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীর তালিকা চূড়ান্ত
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫
বিএনপি এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আরপিও সংশোধনের বেশ কিছু ধারায় আমরা একমত ছিলাম। তবে ২০(১) উপধারায় পরিবর্তনের ফলে ছোট দলগুলোর জোট গঠনের আগ্রহ কমে যাবে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য ভালো নয়।”
তিনি প্রশ্ন তোলেন, “এই আইন একতরফাভাবে কেন পাস করা হলো? বিএনপি বহুদলীয় গণতন্ত্র চায়, তাই নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই—বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।”
বিএনপি নেতা আরও জানান, যেসব আসনে একক প্রার্থী নির্ধারিত হবে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউ যেন নির্বাচিত না হতে পারে তা নিশ্চিত করতে ‘না’ ভোটের পক্ষে দলীয় সিদ্ধান্ত রয়েছে।
আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠিও দেবে বিএনপি বলে জানান তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে, যাতে তারা মাঠে কাজ শুরু করতে পারেন।”
তিনি আরও জানান, প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, তবে শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদেরও অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক ও গণতন্ত্রপন্থী অন্যান্য দলগুলোর সঙ্গে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে বিএনপি বলেও জানান তিনি। সালাহউদ্দিন বলেন, “জোট ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে, প্রয়োজনীয় আসন ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।”
দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান নিয়মিতভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরামর্শ নিচ্ছেন। মনোনয়ন প্রক্রিয়াও তার নেতৃত্বের আলোচনার ভিত্তিতেই এগোচ্ছে।”
জোট রাজনীতির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দলের সঙ্গেই যোগাযোগ চলছে—“এনসিপির সঙ্গেও আমাদের রাজনৈতিক আলোচনা আছে, তবে জোট গঠন নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। আলোচনা অব্যাহত আছে।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন