সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যায় প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্ট অনুযায়ী, পাকিস্তানের সিজেসিসি জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সেনাসদরে এসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন।
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সম্পর্কের বর্তমান অবস্থা, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যৌথ প্রশিক্ষণ, সেমিনার এবং পারস্পরিক পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও উত্থাপিত হয়।
এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) জেনারেল সাহির শামশাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেদিনের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়ন, এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয় উঠে আসে।
প্রধান উপদেষ্টা ইউনূস সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিভ্রান্তিমূলক তথ্য এখন বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। এর মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া জরুরি।”
অন্যদিকে, জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন