মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সালমান শাহর মৃত্যু নিয়ে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে অপমৃত্যুর তদন্ত নতুন মোড় নিয়ে এখন হত্যা মামলায় গড়িয়েছে—আর এতে চলচ্চিত্র মহল থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সালমান শাহ–শাবনূর জুটি। যদিও মামলার তালিকায় শাবনূরের নাম নেই, তবুও সোশ্যাল মিডিয়ার একটি অংশ নায়িকাকে ঘটনাটির সঙ্গে জড়ানোর চেষ্টা করছে।
সম্প্রতি সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু এবং বিনোদন সাংবাদিক দুলাল খান এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সালমান অসুস্থ হলে শাবনূর তাকে দেখতে গিয়েছিলেন। কিন্তু বিষয়টি কীভাবে সালমানের স্ত্রী সামিরার কাছে পৌঁছে গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে দুলাল খানের দাবি—শাবনূর নাকি সালমানের ব্যক্তিগত আলাপ এবং সম্পর্কের তথ্য সামিরাকে জানাতেন। এসব কারণে নাকি সালমান শাবনূরের সঙ্গে কাজ কমিয়ে দেন।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। মৃত্যুর পর একাধিক তদন্ত কমিটি বিষয়টিকে অপমৃত্যু বলে উল্লেখ করলেও, পরিবার ও ভক্তরা বরাবরই হত্যাকাণ্ডের অভিযোগ তুলে আসছিলেন। দীর্ঘদিন পর সেই দাবি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে—অপমৃত্যুর তদন্ত এখন আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় রূপ নিচ্ছে।
হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর প্রথম স্ত্রী সামিরা হককে। বাকি আসামির তালিকায় আছেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, সামিরার মা লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।
নয়নের নায়ক সালমান শাহ নেই প্রায় তিন দশক। তবুও আলোচনার কেন্দ্র তিনি–ই। এখনও তিনি দর্শকদের আবেগ, স্মৃতি এবং প্রশ্নের নাম— ‘সালমান শাহ’.
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন