বন্ধুর সঙ্গে ঢাকায় এসে খণ্ডিত লাশ: ২৬ টুকরায় মিলল ব্যবসায়ী আশরাফুলের দেহ
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
বন্ধুর সঙ্গে ঢাকায় এসে খণ্ডিত লাশ: ২৬ টুকরায় মিলল ব্যবসায়ী আশরাফুলের দেহ
---তিন দিন আগে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজ মিয়ার সঙ্গে রংপুর থেকে ঢাকায় আসেন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)। ঢাকায় আসার পর থেকেই স্ত্রী লাকী বেগমের ফোন কল রিসিভ করতেন জরেজ। স্বামীর খোঁজ চাইলে তিনি জানাতেন— “আশরাফুল ব্যস্ত আছে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল রঙের দুই ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে মরদেহটি আশরাফুলের বলে শনাক্ত করে সিআইডি।
নিহতের শ্যালক আব্দুল মজিদ জানান, রংপুরে বাবা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মঙ্গলবার ঢাকায় আসেন আশরাফুল। বুধবার বিকেল ৫টায় স্ত্রী লাকীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বারবার কল দিলে ফোন ধরতেন জরেজ এবং বিভিন্ন অজুহাত দিতেন। বৃহস্পতিবারও তিনি ফোন ধরেন, কিন্তু আশরাফুলকে দেননি। পরে জরেজের স্ত্রীকে বিষয়টি জানালে তিনি জানান— জরেজ বলেছে ফোনটি নাকি “ড্রেনে কুড়িয়ে পেয়েছে”।
স্বামীকে না পেয়ে লাকী বেগম থানায় জিডি করতে গেলে জানতে পারেন ঢাকায় খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। সংবাদ শুনেই পরিবার ভেঙে পড়ে।
বদরগঞ্জ থানা পুলিশের ওসি একেএম আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের দেওয়া তথ্য ঢাকার রমনা ও শাহবাগ থানা পুলিশকে সরবরাহ করা হয়েছে। ঢাকায় মামলার প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুল হক হিলি থেকে পেঁয়াজ, আলুসহ বিভিন্ন কাঁচামাল কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করতেন। ভারত ও মিয়ানমার থেকে আমদানির জন্য তার সরকারি লাইসেন্সও ছিল। অন্যদিকে বন্ধু জরেজ মিয়া, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর দেশে ফিরে আশরাফুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার চাইছিলেন।
গ্রামবাসীরা জানান, সহজ-সরল স্বভাবের আশরাফুল সমাজসেবায় সবসময় এগিয়ে থাকতেন। মৃত্যুর দিন তিনি ইউনিয়ন পরিষদে জমির ওয়ারিশ সনদ নেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়েন। এরপরই বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় রওনা দেন— আর ফিরে আসেন খণ্ডিত লাশ হয়ে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন