ঢাকা–নারায়ণগঞ্জ রুটে মাত্র ৬০০ টাকায় মাসিক আনলিমিটেড ট্রেন ভ্রমণ
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে মাত্র ৬০০ টাকায় মাসিক আনলিমিটেড ট্রেন ভ্রমণ: যাত্রীদের জন্য বড় স্বস্তি
---বাংলাদেশ রেলওয়ে ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য নিয়ে এসেছে বড় স্বস্তির সংবাদ। অতিরিক্ত ভাড়া ও প্রতিদিন টিকিট কাটার ঝামেলা কমাতে চালু করা হয়েছে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট, যার মাধ্যমে একজন যাত্রী পুরো মাস যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার যাতায়াত ভাড়া ২০ টাকা। প্রতিদিন অফিসগামী যাত্রীদের যাওয়া–আসায় খরচ ৪০ টাকা; মাস শেষে তা দাঁড়ায় ৬০০ টাকা। অপরদিকে বাসে একই পথে দৈনিক খরচ ১০০ টাকা, মাসে প্রায় ৩ হাজার টাকা। ফলে রেলওয়ের এই বিশেষ টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে।
তবে সুবিধাটির ব্যাপারে এখনো অনেকেই অজ্ঞাত, তাই প্রতিদিন আলাদাভাবে টিকিট কেটে ভ্রমণ করছেন অনেকে। চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০–৯০ জন যাত্রী মাসিক টিকিট সংগ্রহ করেছেন। তার মতে, তথ্যটি সঠিকভাবে ছড়িয়ে পড়লে সংখ্যা আরও অনেক বাড়বে।
নিয়মিত যাত্রী আব্দুস সালাম বলেন,
“বাসে যাওয়া–আসায় দৈনিক ১০০ টাকা, কিন্তু ট্রেনে মাত্র ২০ টাকা। সবচেয়ে সুবিধা—প্রতিবার টিকিট কাটতে হয় না।”
রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তিহীন ও ঝামেলামুক্ত ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছে। এখন প্রয়োজন শুধু প্রচারণা, যাতে আরও বেশি যাত্রী এই সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং রেলযাত্রা হয় আরও সহজ ও স্বস্তিদায়ক।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন