বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে পশ্চিমবঙ্গে তীব্র রাজনৈতিক বিতর্ক”
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে পশ্চিমবঙ্গে তীব্র রাজনৈতিক বিতর্ক”
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তৃণমূলের এই বিতর্কিত নেতা।
হুমায়ুন কবির জানান, তিন বছরের মধ্যেই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং ওই অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন মুসলিম নেতা।
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীকে কেন্দ্র করেই এই ঘোষণা এসেছে, যা রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
ঘোষণাটি প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। দলের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “মসজিদ বা মন্দির যে কেউ বানাতে পারে, কিন্তু ডিসেম্বরের ৬ তারিখ নির্বাচন করায় তৃণমূলের উদ্দেশ্য স্পষ্ট। সংখ্যালঘুদের জন্য এতদিন তারা কী করেছে, সেটাই প্রশ্ন।”
অন্যদিকে কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিত মন্তব্য করেন, কেউ মসজিদ তৈরি করলে তার সঙ্গে বাবরের কোনো সম্পর্ক নেই—যদি কেউ নির্মাণ করতে চায়, নিশ্চয়ই করতে পারে।
এদিকে একই দিনে, ৬ ডিসেম্বর কলকাতায় তৃণমূলের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে ‘সংহতি দিবস’ পালন করে ভাষণ দেবেন। তবে বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি কলকাতার ওই সমাবেশে যোগ দেবেন না।
উল্লেখ্য, নানা কর্মকাণ্ড ঘিরে এর আগেও একাধিকবার আলোচিত–সমালোচিত হয়েছেন হুমায়ুন কবির। দলের নির্দেশনা অমান্য করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গঠনের হুমকিও দেন তিনি।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন