লুটেরাদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ নয়—অর্থনীতি বাঁচাতে নতুন বার্তা দিলেন ফখরুল”
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
লুটেরাদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ নয়—অর্থনীতি বাঁচাতে নতুন বার্তা দিলেন ফখরুল”
-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের আইনের আওতায় আনা জরুরি, তবে প্রতিষ্ঠান বন্ধ করে জনগণের জীবিকা ঝুঁকিতে ফেলা কোনোভাবেই সমাধান হতে পারে না।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করেছে। “বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে—এ অভিযোগ কেউ দিতে পারবে না,” বলে মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীদের প্রতি আস্থা রেখে নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ব্যবসায়ীদের বিশ্বাস করতে হবে। লুটপাটে যাদের সম্পৃক্ততা আছে তাদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেন বেকারত্ব বাড়ানো হবে—এটা ভাবতে হবে।”
তিনি আরও বলেন, শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। যেসব সংস্কারে বিএনপি সই করেছে, দলটি বহু আগেই সেই প্রস্তাবগুলো উত্থাপন করেছিল।
মির্জা ফখরুল বলেন, বিএনপির লক্ষ্য শুধু নতুন বাংলাদেশ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া—যেখানে গণতন্ত্র শক্তিশালী হবে এবং অর্থনীতি হবে স্থিতিশীল ও গতিশীল।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন