মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেবে প্রবাসীরা—ইসির অ্যাপে নিবন্ধন ৯২ হাজার পেরোল
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেবে প্রবাসীরা—ইসির অ্যাপে নিবন্ধন ৯২ হাজার পেরোল
---আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, ‘Postal Vote BD’ অ্যাপে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ভোটার।
নিবন্ধিত ভোটারদের মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ, এবং ১৪ হাজার ৭৯৯ জন নারী। এটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিনির্ভর অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথমবারের মতো ইসি আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করেছে, যার মাধ্যমে বিদেশপ্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিশর, ব্রাজিল, চীন, তাইওয়ানসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বহু দেশে এই সেবার নিবন্ধন চলছে।
অ্যাপে নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ব্যালটে ভোট দিয়ে তা ফের ডাকযোগে পাঠাতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। প্রবাসীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ৫০ লাখ ভোটার টার্গেট নিয়ে কাজ করছে।
ইসির এই উদ্যোগ আগামী নির্বাচনে প্রবাসী সম্প্রদায়ের অংশগ্রহণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন