ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান ম-রদেহ উদ্ধার
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫
ঝালকাঠির বাসন্ডা নদী থেকে অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য হারুন অর রশিদ (৬২)-এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাসন্ডা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত হারুন অর রশিদ ঝালকাঠি পৌরসভার ইছানীল গ্রামের মৃত মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি শনিবার ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেলে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছেলে সাহারুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে সৎ ভাইদের বিরোধ চলছিলো। এ নিয়ে বর্তমানে আদালতে একটি মামলা বিচারাধীন। জমি-সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেই তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অবসরপ্রাপ্ত এ বিজিবি সদস্য মৃত্যুর পর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ মাহিন খান
ঝালকাঠি প্রতিনিধি
তারিখ: ১৩সেপ্টেম্বর ২০২৫
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন